শরীয়তপুর জেলা শাখা হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে র‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় সংগঠনের সভাপতি এনামুল হাক হাওলাদারের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এইচএম মোক্তার হোসেন, স্বাস্থ্য সহকারীদের ১ দফা দাবী বাস্তাবায়ন কমিটির আহবায়ক নুরুল হক হাওলাদার, সদর উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, নড়িয়া উপজেরা শাখার সভাপতি কাজী নজরুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, জাজিরা উপজেলা শাখার সভাপতি মনির হোসেন, ডামুড্যা উপজেলা শাখার সভাপতি মুনছুর আহমেদ, গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি আশ্রাফুল ইসলাম ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক মিয়া প্রমূখ। এই সময় সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভা থেকে সংগঠনের সভাপতি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও তার পরিবারের সদসদেরকে পথভ্রষ্ট কতিপয় সেনা সদস্যরা নির্মম ভাবে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে। জাতির জনকের কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করেছেন। এবার কুষ্টিয়া জেলার ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে পুণরায় যারা জাতিকে কলঙ্কিত করেছে তাদের আইনের আওতায় এনে সরকারের কাছে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি এই প্রতিবাদ সভা থেকে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন কৃষক-শ্রমিক সহ সকল শ্রেণি পেশার মানুষের কষ্টার্জিত টাকায় সরকারি চাকুরিজীবীদের বেতন হয়। এই সকল মানুষকে সম্মান দিয়ে কথা বলুন। দেশের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ বঙ্গবন্ধুর সেই কথা বুকে ধারণ করে সাধারণ মানুষের সাথে সম্মানের সহিত কথা বলেন এবং দোড় গোড়ায় তাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দেন। ফলস্বরূপ এমডিজি-৪, সাউথ সাউথ, দক্ষিন এশিয়ায় টিকাদান কর্মসূচিতে প্রথম স্থান দখলসহ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছেন। কিন্তু যাদের জন্য এই সকল অর্জন তারাই আজ অবহেলিত। আমরা ২৬ নভেম্বর থেকে দাবী আদায়ে কর্মবিরতি পালন করে আসছি। আমরা আশা করব প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নিবেন।