র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ মৃত আবদুর রাজ্জাক খানের ছেলে সিরাজুল খান এর বসত বাড়ীর ভিতর কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে রবিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৪ টায় মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ মৃত আবদুর রাজ্জাক খানের ছেলে সিরাজুল খান এর বসত বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে শ্যামল চন্দ্র মন্ডল (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র মন্ডল মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামের মৃত কালাচান মন্ডল এর ছেলে।

এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ০১ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০১টি সীমকার্ড ও মাদক বিক্রিত নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।