অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিসহ বাড়ি পাচ্ছেন পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপনকারী সেই মতি বেপারী পরিবার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, রুদ্রকর ইউনিয়নের উত্তর চন্দনকর গ্রামে মতি বেপারীর বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার ঘোষণা দেন।

গত বুধবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরে পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপন করা মতি বেপারীর পরিবারের বিষয়টি শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নজরে আসে। তাদের নজরে আসার পরেই শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের পিএস মোঃ জামাল ফকির সরেজমিন পরিদর্শণ করেন।

সরেজমিন পরিদর্শণ শেষে মতি বেপারীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি বাড়ি একটি ঘর দেওয়ার ঘোষণা দেন ইউএনও মনদীপ ঘরাই।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপন করা মতি বেপারীর পরিবারের বিষয়টি সংবাদ মাধ্যমে দেখার পরে আমরা এক মুহূর্তও বসে থাকিনি। ডিসি স্যারের নির্দেশে মতি বেপারীর বাড়িতে এসেছি। তারা পলিথিনের নিচে বসবাস করছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন মতি বেপারীর পরিবারকে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপন করা মতি বেপারী।