পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর এবং “বিশেষ সেবা সপ্তাহ ২০২১” উপলক্ষে মঙ্গলবার (৪ মে) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নতুন বাজার, ব্যাংকের মোড় ও কাজীরহাট বাজারে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়। একইসাথে জাজিরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।

অভিযানে কসমেটিকসের দোকান ঔষধের দোকান, তরমুজ ও ফলের দোকান এবং মসলা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিদর্শণ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

এছাড়া ‘বিশেষ সেবা সপ্তাহ-২০২১’ উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা এবং বিক্রেতাকে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।