শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের নন্দনসার গ্রামে পরকীয়ার টানে পলি বেগম (৩০) নামে এক গৃহবধূ তার ননদের স্বামী জসিম হাওলাদার (২৪) এর সঙ্গে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ৩ জানুয়ারী সকালে শশুর বাড়িতে ঘর উত্তোলনের জন্য গচ্ছিত ১২লাখ টাকা ও ৮ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায় তারা। পলি বেগম একই ইউনিয়নের হালইসার গ্রামের মৃত ইয়ার বক্স মাঝির কন্যা এবং জসিম হাওলাদার উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামের নাজিমুদ্দিন হাওলাদারের পুত্র।
এ ঘটনায় শনিবার ওই গৃহবধুর স্বামী শমসের হাওলাদার নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নড়িয়ার নন্দনসার গ্রামের বাসিন্দা শমসের হাওলাদারের সঙ্গে ২০১১সালের ডিসেম্বরে বিয়ে হয় পলি বেগম এর। সাংসারিক জীবনে তাদের কোল জুড়ে আসে আবদুল্লাহ (০৬) নামের এক পুত্র সন্তান। সাম্প্রতিক সময়ে শমসের হাওলাদার ভগ্নিপতি জসিম হাওলাদার ও তার স্ত্রী পলি বেগমের মধ্যে পরকীয়া সম্পর্কের আভাস পান তিনি। এ নিয়ে তার স্ত্রী পলি বেগমের সাথে মনোমালিন্য হয় তার। অপর দিকে পরকীয়ার বিষয়টি নিয়ে শমসের হাওলাদারের বোন সুলতানা বেগমের সঙ্গেও স্বামী জসিম হাওলাদার মনোমালিন্য হয়। এরই মধ্যে গত শুক্রবার শমসের হাওলাদারের বাড়িতে ঘর উত্তোলনের জন্য গচ্ছিত নগদ ১২ লাখ টাকা এবং ঘরের মধ্যে মাটির নিচে পুতে রাখা আনুমানিক ৮ ভরি স্বর্নালংকার নিয়ে উধাও হয়ে যায় পলি বেগম ও জমিস হাওলাদার। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোথাও না পেয়ে শমসের হাওলাদার শনিবার নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে শমসের হাওলাদার বলেন, ‘বিদেশ হতে আমার তিনভাই বাড়িতে বিল্ডিং তৈরীর জন্য ১২লাখ টাকা পাঠিয়েছেন। ব্যংকে সমস্যার জন্য আমরা সেই টাকা ঘরেই রেখেছিলাম। গত শুক্রবার আমার স্ত্রী ও আমার বোন জামাই জসিম আমাদের সেই টাকা ও ৮ভরি স্বর্নালংকার নিয়ে উধাও হয়ে গেছেন। আমার স্ত্রীর সঙ্গে আমার ভগ্নিপতি জসিমের সঙ্গে পরকীয়ার সম্পর্কের কথা জানতে পারি কিছুদিন আগে। কিন্তু তারা যে এভাবে আমাদের টাকা ও স্বর্ন নিয়ে পালিয়ে যাবেন বুঝতে পারিনি। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছি।’
শমসের হাওলাদারের বোন সুলতানা বেগম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমার স্বামী বিদেশ যাওয়ার কথা বলে আমার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। কিন্তু এরপর থেকে তার সাথে আমার আর কোন যোগাযোগ নেই।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত পলি বেগম এর মা সাফিয়া বেগম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে তার ননদের স্বামীর পরকীয়ার বিষয়টি আমি জানতাম। আমি আমার মেয়ের জামাই ও শাশুড়িকে এ বিষয়ে সতর্ক করেছিলাম। কিন্তু তারা সতর্ক হননি। আমার মেয়ের সঙ্গে এখন আমার কোন যোগাযোগ নেই। সে কোথায় আছে আমি জানিনা।’
অভিযুক্ত জসিম হাওলাদের ভাবি তাছলিমা বেগম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ‘আমার দেবরের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। সে কোথায় আছে জানিনা।’
এ বিষয়ে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’



মন্তব্য করুন