ভারতের ভিসা সমস্যায় বাংলাদেশিরা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে গিয়ে বাংলাদেশিরা যেন চিকিৎসা নিতে পারে, সেজন্য বেইজিংকে ভিসাপ্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা।
চীন সফর শেষে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের কুনমিংয়ে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।’
তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে একটি বড় হাসপাতাল করতে রাজি হয়েছে চীন। এখন স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা পূর্বাচলে সুন্দর জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় ঢাকা উদ্বেগ জানিয়েছে। তবে নদ থেকে পানি না নেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।
চীনা ঋণের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ‘ঋণের সুদহার ৩ শতাংশের মতো। তারপরও এটা আরও কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধ করেছি। এতে ইতিবাচক সাড়ার ইঙ্গিত দিয়েছে বেইজিং।’
অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফর নিয়ে কোনো আলোচনা করেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘আমি একেবারে সত্যি কথাটা আপনাদের বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না।’
‘তবে চীন চায়, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি।
এরপর দ্বিতীয় সফরে গত নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। আর সবশেষ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড সফর করে দেশে ফিরেছেন তিনি।



মন্তব্য করুন