কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, দীর্ঘদিনের অসুস্থতা ও বিভিন্ন এনজিও ঋণের চাপের কারণে মা ও মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন—নমিতা রাণি পাল (৪২) এবং তার কন্যা তন্বী রাণি পাল (১৮)। নিহত নমিতা রাণি পালের স্বামী জীবন চন্দ্র পালের তিন কন্যা রয়েছে, যার মধ্যে দুই কন্যা বিবাহিত। ছোট কন্যা তন্বী রাণি অবিবাহিত ছিলেন এবং পড়াশোনা করছিলেন।

নমিতা রাণি স্থানীয় দেবপুর স্পিনিং মিলের কর্মী ছিলেন। গত দুই মাস ধরে অসুস্থতার কারণে তিনি কাজে যেতে পারছিলেন না, যা পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ করে দিয়েছে। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় মা-মেয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে তারা একই সময়ে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ জানান, খবর পেয়ে দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।