গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে দেখা যায়। তার স্ত্রী কাজী আনিশা দাবি করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুর বক্তব্য নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে আনিশা জানান, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে গোপীবাগে রাখা হয়েছিল। সেখানে চারদিন ধরে রিমান্ডে রাখার পর জোরপূর্বক স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়। ভিডিওটি স্টেটমেন্ট নেওয়ার ১৪ দিন পর সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ ও এনসিপির আহ্বায়ক নাহিদের নাম বের করানোর জন্য অপুকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আনিশা মনে করেন, পুরো ঘটনা অপুকে সাহায্য করার আড়ালে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।