নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা পালনের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন জয়নাল আবেদীন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগ নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার পলাশতলী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হন। সেখানে শোকসভা আয়োজন ও খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। এখবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীনকে আটক করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যান।
রায়পুরা থানার এসআই মোজাম্মেল হক জানান, ১৫ আগস্টের অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি দলের কোন পদে আছেন কিনা তা পরে জানা যাবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) সুজন চন্দ্র সরকার জানান, পুলিশের নিয়মিত রুটিন অনুযায়ী নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে । তবে তাদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।



মন্তব্য করুন