গণ অধিকার পরিষদের সাবেক নেতা ড. রেজা কিবরিয়া আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা হারিয়ে গেছে এবং ক্ষমতায় টিকে থাকার প্রয়াসে তারা সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করছে। এ পরিস্থিতি দেশে নতুন রাজনৈতিক বিপ্লবের জন্ম দিতে পারে, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতারও কারণ।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতা পার্টি বাংলাদেশের এক আলোচনা সভায় তিনি বলেন, “শহীদদের রক্তের প্রতি সরকার বেঈমানি করেছে। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার সরকারের পর অন্তত কিছুটা মানোন্নত সরকার পাবো, কিন্তু তার বিপরীতে আরও নিম্নমানের শাসন ব্যবস্থা দেখতে হচ্ছে।”
আলোচনা সভায় জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং বিএনপির দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয়, কিন্তু বর্তমান সরকারের সেই সামর্থ্য নেই। আমরা সরকারকে সমর্থন করলেও তাদের অদক্ষতা ও ব্যর্থতা মেনে নেওয়া যায় না।”
সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি এ কে এম আশরাফুল হক এবং জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী।



মন্তব্য করুন