ঢাকা সেনানিবাসে মঙ্গলবার অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসন্ন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছে, তাই সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”

সেনাপ্রধান আরও বলেন, “দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”

সেনাবাহিনীকে পেশাদার ও নৈতিক অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। নারী নির্যাতনসহ নৈতিক স্খলনের বিষয়েও ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া হবে না, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই অপরাধে জড়িয়ে পড়লে সেটি রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া কিছু নয়।”

অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।