আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে ‘পল্টিবাজ’ হিসেবে উল্লেখ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জুলকারনাইন সায়ের লেখেন, কারো মৃত মা-বাবাকে নিয়ে কটূক্তি করা নিন্দনীয় ও অমানবিক কাজ। তিনি দাবি করেন, গোলাম মাওলা রনি সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দিয়েছেন। সেই পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের—যা বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে সায়ের আরও মনে করিয়ে দেন, গোলাম মাওলা রনি ২০১৩ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, তখনও তিনি সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তার ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, “রনি সাহেব রাজনীতিতে একজন ‘পল্টিবাজ’ হিসেবে পরিচিত।”
তিনি কটূক্তি প্রসঙ্গে আরও লিখেন, “একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে নিয়ে আলোচনা-সমালোচনা স্বাভাবিক। তবে তার জবাবে কারো মৃত মা-বাবাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা ঘৃণ্য। এমন মানসিকতা থাকলে রাজনীতি নয়, বরং নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক ধরনের কাজই বেছে নেওয়া উচিত।”



মন্তব্য করুন