“অবহেলার শৃঙ্খলা ভাঙো, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনো”— এ স্লোগানকে সামনে রেখে ভোলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন এবং চারস্তরীয় একাডেমিক পদসোপানসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন।

আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদের রহমান, সহকারী শিক্ষক ওকাল উদ্দিন, শাওন আব্দুল্লাহসহ দুই বিদ্যালয়ের আরও অনেক শিক্ষক অংশ নেন।

এসময় শিক্ষকরা বলেন, ১৯৭৩ সালে সমমানের যোগ্যতা নিয়েই বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হলেও মাধ্যমিক সহকারী শিক্ষক পদকে দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে ২০১২ সালে গেজেটেড মর্যাদা পাওয়া গেলেও এখনো এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়িত হয়নি। অথচ একই যোগ্যতার কলেজ শিক্ষকরা দীর্ঘদিন ধরে ৯ম গ্রেড ভোগ করছেন।

শিক্ষকরা অভিযোগ করেন, এই বৈষম্যের কারণে অনেক শিক্ষক চাকরি শেষে অবসরে গেলেও কোনো পদোন্নতি পান না। তাদের মতে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষকদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে।

তারা দ্রুত এ বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি জানান।