আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই এ নিয়োগ কার্যকর হবে। এরই মধ্যে সিলেটে আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিসি নিয়োগের জন্য নতুন ফিটলিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রশাসন জানিয়েছে, এবার কোনো বিতর্কিত কর্মকর্তা বা রাজনৈতিক সুবিধাভোগীকে তালিকায় স্থান দেওয়া হবে না। প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

এবারের প্রক্রিয়ায় ২৫তম ও ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে অর্ধশতাধিককে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তবে অতীতে বিতর্কিত নিয়োগ, কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি এবং বিশৃঙ্খলার ঘটনার কারণে সরকার এবার অতিরিক্ত সতর্ক।

প্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে মাঠ প্রশাসনে স্থিতি ফিরিয়ে আনতে হবে। অন্যথায় নির্বাচনকেন্দ্রিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা কঠিন হবে।