দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ফেরার পথে টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ রাখা পাথর জব্দ করেন তিনি। এসময় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামহীন আরেকটি ক্রাশার মিল থেকে বিপুল পরিমাণ পাথর আটক করা হয়।

ডিসি সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, “সাদা পাথর যেন আর লুট না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা এ চুরির সঙ্গে জড়িত এবং কীভাবে এটি হচ্ছে তা খতিয়ে দেখা হবে। সাদা পাথরের প্রকৃতি ও সৌন্দর্য রক্ষা করা হবে যেকোনো মূল্যে।”

কোম্পানীগঞ্জের ইউএনও রবিন মিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে এসব পাথর জব্দ করা হয়েছে। জব্দ করা পাথরের পরিমাণ শিগগিরই পরিমাপ শেষে জানানো হবে।