নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করা হয়।
২০০৫ সালে সাগর সরওয়ার এই প্লটের বরাদ্দ পান এবং ২০০৯ সালে মূল্য পরিশোধ সম্পন্ন করেন। তবে দীর্ঘদিন ধরে জমি হস্তান্তর করা হয়নি। উত্তরাধিকার সূত্রে প্লটটির মালিকানা বর্তমানে মেঘ ও তার দাদী সালেহা মনিরের।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোচিত সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির বিষয়ে খোঁজ নেন এবং তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, “দীর্ঘসূত্রিতা মানুষের মনে আইনি প্রক্রিয়ার প্রতি হতাশা তৈরি করে।”
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দীর্ঘ বিলম্বের কারণে অনেক আলামত নষ্ট হয়ে গেছে বলে তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে।
দলিল গ্রহণ শেষে মেঘ নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং নিহত রুনির ভাই নওশের আলম রোমান।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ওই ঘটনার পর থেকেই মামলাটি দীর্ঘসূত্রিতার কারণে এখনো অমীমাংসিত রয়ে গেছে।



মন্তব্য করুন