গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের একদিন পরই চুরির ঘটনায় আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায়, বাতিগুলো জ্বলছে না। পরে অনুসন্ধানে জানা যায়, হরিপুর প্রান্ত থেকে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি বুধবার উদ্বোধন করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে উদ্বোধনের পরদিনই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলজিইডি সূত্র জানায়, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) সহায়তায় নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার ও প্রস্থ ৯.৬ মিটার। এতে দুটি লেন ও ৩১টি স্প্যান রয়েছে। সেতুর সঙ্গে সংযোগ সড়ক ও নদী শাসনসহ মোট ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন জানান, ক্যাবল চুরি হওয়ায় বিদ্যুৎ চালু করা সম্ভব হয়নি, ফলে সেতুটি রাতেই অন্ধকারে ঢেকে যায়।



মন্তব্য করুন