লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে জয়ী হন।
ভোটে মোট ৪৫৩ জন ভোটার অংশ নেন। সভাপতি পদে মো. অলি উল্যা (ছাতা প্রতীক) ২৫৫ ভোটে বিজয়ী হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট (মাছ প্রতীক) ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
আজিজুর রহমান বাচ্চু এর আগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় নেতারা বলছেন, এবার তিনি নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন