কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি। প্রাইভেটকারটিতে থাকা একই পরিবারের বাবা-মা ও তাদের দুই সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইউ-টার্ন নিচ্ছিলো। এ সময় সামনের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের লাশ পুলিশি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে এবং মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অনিয়মিত ইউ-টার্নই এর মূল কারণ। তারা নিরাপদ সড়কের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।



মন্তব্য করুন