নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি লঞ্চে দুই দিনের অসুস্থ নবজাতকের জীবন সংকট দেখা দিলে মানবিক উদ্যোগে এগিয়ে আসে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘এমভি মিতালী-০৭’ লঞ্চে নবজাতককে অক্সিজেনসহ নিয়ে যাত্রা করছিল তার পরিবার। ভোরে ফতুল্লা ঘাটের কাছে পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায় এবং শিশুর অবস্থা দ্রুত অবনতি হতে থাকে।

এসময় পরিবারের একজন ৯৯৯-এ কল করলে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। পাগলা স্টেশন থেকে একটি মেডিকেল টিম হাই-স্পিড বোটে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লঞ্চে পৌঁছে নবজাতককে পুনরায় অক্সিজেন সরবরাহ করে। পরে শিশুটিকে সদরঘাটে এনে অ্যাম্বুলেন্সযোগে ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

মানবতার এই দ্রুত পদক্ষেপে নবজাতকের জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানায় কোস্টগার্ড।