ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার পথ খুলে গেছে। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে এক চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তির মধ্যে অন্যতম হলো—দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ। এছাড়া বাণিজ্য বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, কৃষি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোসহ আরও কয়েকটি বিষয় নিয়ে সমঝোতা হয়।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আলোচনায় একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, মুক্তিযুদ্ধের আগে নিয়ে যাওয়া সম্পদের দাবি, ব্যবসা ও নিরাপত্তা খাত—এসব বিষয় গুরুত্ব পায়। বৈঠকের শেষে উভয় দেশই সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, ইসহাক দার শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। তিনি বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।