জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ হিসেবে অভিহিত করেছেন। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপির ভেতরে অনেকেই আওয়ামী লীগা নিয়েছেন, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম।”

হাসনাতের দাবি, রুমিন ফারহানা অতীতে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের পতনে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হয়েছেন। তিনি বলেন, “রুমিন ফারহানা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য।”

এনসিপি নেতা আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতীত কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, যা আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়, কিন্তু তারা আর গুন্ডাতন্ত্র বা এক-এগারোর মতো পরিস্থিতি দেখতে চায় না।”

হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের প্রতি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আহ্বান জানান, যাতে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয় এবং জনগণের আস্থা ফিরে আসে।