পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চর বালিয়াতলী গ্রামে নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে রয়েছেন হাজারো মানুষ। মূল বেড়িবাঁধের প্রায় ৯০ শতাংশ ভেঙে নদীতে মিলিয়ে গেছে। যে কোনো সময় পানি ঢুকে গ্রাম ডুবে যাওয়ার আশঙ্কায় তারা দিন-রাত দুশ্চিন্তায় কাটাচ্ছেন।
টানা এক মাসের ভারি বৃষ্টি আর নিম্নচাপের প্রভাবে ভাঙন আরও বাড়ছে। বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলার চেষ্টা করা হলেও বেশিরভাগই স্রোতে ভেসে গেছে। ফলে গ্রামবাসীর ঘরবাড়ি, ফসলি জমি, ধানক্ষেত ও গবাদিপশু এখন বড় ঝুঁকিতে। শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, অসুস্থ হলে চিকিৎসার জন্য বের হওয়াও কঠিন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শাহআলম ভূঁইয়া জানান, চর বালিয়াতলীতে নতুন ভাঙন ঠেকাতে জরুরি কাজ চলছে। স্লুইসগেট বন্ধ করে জলোচ্ছ্বাস প্রতিরোধের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে গ্রামবাসীর দাবি—অস্থায়ী নয়, টেকসই বাঁধ নির্মাণই এখন তাদের একমাত্র ভরসা।



মন্তব্য করুন