ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আল আমিন নামে এক পপকর্ন বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই ঘটনায় মিলন নামে আরেক হকার আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ অভিমুখে চলার সময় এ হামলা ঘটে।

পীরগঞ্জ রেল স্টেশনে পৌঁছালে গুরুতর আহত অবস্থায় দুজনকে ট্রেন থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মন্টু মিয়া।

নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, নারকেল ও পপকর্ন বিক্রির বাজার দখল নিয়ে আকাশ, সুজন ও কুদরতের সঙ্গে আল আমিনের কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই প্রতিপক্ষরা চলন্ত ট্রেনে ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। এ সময় মিলনও আহত হন। মিলন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ বলেন, “স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুইজনকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তারা হকার। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে একজনকে হত্যা করা হয়েছে।”

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ স্টেশন ও হাসপাতালে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।