চট্টগ্রাম নগরীর অন্তত ৭০ শতাংশ ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যেকোনো সময় ৭-৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রিয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ, নিউ মার্কেট, স্টেডিয়াম, হাজারী গলি ও বহদ্দারহাটের মতো ঘিঞ্জি এলাকা।
বিশেষজ্ঞরা জানান, ইমারত নির্মাণ আইন অমান্য, সয়েল টেস্ট ছাড়া ভবন নির্মাণ, দুর্বল ফাউন্ডেশন এবং অতিঘনবসতির কারণে নগরীর ঝুঁকি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের মতো কোনো কম্পন চট্টগ্রামে হলে বহু ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
সিডিএ সূত্রে জানা যায়, নগরে বর্তমানে তিন লাখ ৮২ হাজারের বেশি ভবন রয়েছে। এর মধ্যে দুই লাখ ৬৭ হাজার ভবন মাঝারি মাত্রার ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হতে পারে। ৯৪টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা সিটি করপোরেশনকে পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভবন মালিকরা ঝুঁকি অস্বীকার করেন বা ভাঙার খরচ দিতে চান না। ফলে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগের মতোই রয়ে গেছে।
নগর পরিকল্পনাবিদ স্থপতি সুভাষ বড়ুয়া বলেন, “চট্টগ্রামের ৭০ শতাংশ ভবন সয়েল টেস্ট ছাড়া নির্মিত। দুর্বল ফাউন্ডেশনই নগরীর সবচেয়ে বড় ঝুঁকি।” তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দীর্ঘদিনের নজরদারি ঘাটতি ও কর্তব্যে অবহেলার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
চুয়েটের সাবেক উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “ভবন নির্মাণে আইন না মানা এবং তদারকির অভাবে চট্টগ্রাম ভূমিকম্পের অতিমাত্রার ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ঘাটতিও স্পষ্ট।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় বলা হয়েছে, পুরোনো ভবন, অনিয়ন্ত্রিত বহুতল নির্মাণ ও দুর্বল ফাউন্ডেশন মিলিয়ে মাঝারি মাত্রার ভূমিকম্পও ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
সচেতন মহলের মন্তব্য, বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হলেও দুর্যোগ-পরবর্তী উদ্ধার প্রস্তুতি অত্যন্ত দুর্বল। ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও সিডিএ—কোনো সংস্থারই যথেষ্ট সরঞ্জাম বা প্রশিক্ষিত দল নেই। এমনকি উদ্ধারকারী যান ঢোকারও সুযোগ থাকবে না বহু এলাকায়।



মন্তব্য করুন