খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত এক নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় এগিয়ে এসেছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। নবজাতকটি ২৩ নভেম্বর জন্ম নেওয়ার পর তার কথিত বাবা-মা পালিয়ে যায়। বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেলের সদস্যদের হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন।

সেলের সদস্যরা নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এ সময় সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে শিশুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

তারেক রহমানের পক্ষ থেকে নবজাতকের চিকিৎসা ও সুরক্ষার জন্য আর্থিক সহায়তা এবং শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সেলের সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলীসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।