ঢাকা, ২৪ নভেম্বর — রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশকে জামায়াত বা বিএনপি বানানোর সুযোগ নেই। জনগণের শক্তি নিয়েই আমরা এগোতে চাই।”

তিনি জানান, অতীতে গুলশান বা মগবাজারে হাজিরা দিলে মনোনয়ন নিশ্চিত হতো। কিন্তু এনসিপি এবার সেই প্রক্রিয়ায় যাচ্ছে না। বরং কৃষকের সন্তান, রিকশাচালকসহ সাধারণ মানুষকেও মনোনয়ন দেওয়া হয়েছে। তার ভাষায়, “আমাদের মনোনয়নপ্রত্যাশীরা জনগণের কাতারে হাজিরা দিয়েছেন। ‘শাপলা কলি’ প্রতীকের বিজয়ের জন্য জনগণ অপেক্ষায় আছেন।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণাকে স্বাগত জানাই, যদিও তারা ইতোমধ্যে একাধিক শোডাউন করেছে। ভূমিকম্পে সরকারের তৎপরতার প্রশংসা করে তিনি আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কমিশন একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, “ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিপক্ষে আমাদের অবস্থান। আমরা বিএনপি বা জামায়াত কাউকে ভয় পাই না।”

পাটওয়ারী আরও বলেন, ২০২৪ সালের গণহত্যার বিচার হলে একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই জনগণের অ্যালায়েন্স গঠিত হবে, যেখানে এনসিপির বাইরেও কয়েকটি দল যুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন।