বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা দাবি করছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা ঘটবে। তিনি বলেন, “১৯৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন আর গণহত্যা করতে দেওয়া হবে না।”

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলের উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।