বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করেছে দলটি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। একইসঙ্গে জেলা পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদেরও দোয়া আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ তিনটি আসনে বিএনপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। দলীয় নেতারা মনে করছেন, খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ।