ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের এমপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কবরস্থানে উপস্থিত হন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, যুবদল নেতা মনছুর আহম্মেদ, নিজাম উদ্দিন ভূঞা হুদন ও একরামুল হক মানিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মিন্টু স্থানীয় গজারিয়া বাজারে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন।
পথসভায় মিন্টু বলেন, দেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। যদি নির্বাচন নিয়ে গড়িমসি করা হয়, তার যথাযথ জবাব দেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের জায়গা হবে না; কঠোরভাবে তাদের দমন করা হবে।
প্রসঙ্গত, মকবুল আহমদ ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন এবং নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিন্টুর এই কবর জিয়ারতকে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন