দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। পর্যটকদের জন্য থাকছে রাত্রিযাপনের সুযোগও। তবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং মানতে হবে সরকারের জারি করা ১২ নির্দেশনা।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে এবং পরের দিন বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে ফিরে আসবে। এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের চারটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এবার নিরাপত্তার কারণে টেকনাফ নয়, কক্সবাজার থেকে জাহাজ চলাচল করবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, “সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।” পরিবেশ অধিদফতরের পরিচালক মো. জমির উদ্দিন জানান, “দুই হাজারের বেশি পর্যটক যেতে দেয়া হবে না। এজন্য জেটিঘাটে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।”
পর্যটকরা ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন, তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, মোটরচালিত যানবাহন চলাচল ও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আশা, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপ দায়িত্বশীল পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে।



মন্তব্য করুন