রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ কার্যক্রম ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিজ্ঞপ্তিতে সই করেন।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া অবশিষ্ট ৩৭৭ জন বিভিন্ন ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

জননিরাপত্তা নিশ্চিতে বুধবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ ১১টি প্রবেশ ও বহির্গমন পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই তল্লাশিতে ৭৬৯টি যানবাহন যাচাই-বাছাই করা হয়েছে এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের নিরাপত্তা ও শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণাও দিয়েছে পুলিশ।