আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হলেও আগামী বছর তা অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে এপ্রিলের শেষ ভাগে অথবা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।
রোববার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদেশে বিপুল সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ওই সময়ে পাবলিক পরীক্ষা আয়োজন করা অবাস্তব। এ কারণেই পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, খুব শীঘ্রই বোর্ড সভার মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত রুটিন ও তারিখ ঘোষণা করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই সময়সূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে বিভিন্ন সংকটের কারণে এসএসসি পরীক্ষার স্বাভাবিক ক্যালেন্ডারে বারবার পরিবর্তন এসেছে। করোনা মহামারির পর ২০২৪ সালে পুনরায় ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হলেও ২০২৬ সালের নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় আবারো সাময়িক ছেদ পড়ছে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পিছিয়ে যাওয়া সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশের ক্ষেত্রে যেন কোনো বিলম্ব না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার কথা মাথায় রেখে দ্রুততম সময়ে চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।

মন্তব্য করুন