ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, মাত্র ২৯ ঘণ্টায় প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগৃহীত হয়েছে।

তহবিলের লক্ষ্যমাত্রা দ্রুত অর্জিত হওয়ায় আপাতত আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি। তাসনিম জারা মনে করেন, জনগণের এই অভূতপূর্ব সাড়া প্রচলিত রাজনৈতিক ধারার ভিত্তি নাড়িয়ে দিয়েছে।

নির্বাচনে কালো টাকার প্রভাব দূর করতে তিনি এই স্বচ্ছ তহবিল ব্যবস্থার ওপর জোর দেন। তিনি জানান, অধিকাংশ প্রার্থী যেখানে বিপুল অর্থ ব্যয় করেন, সেখানে তিনি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় লড়াই করবেন।

প্রচারণার কৌশল হিসেবে তিনি পেইড কর্মীর বদলে স্বেচ্ছাসেবীদের ওপর গুরুত্ব দিচ্ছেন। ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছাতে পরিচিতজনদের মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

তহবিলের স্বচ্ছতা নিশ্চিতে কেবল ডিজিটাল মাধ্যমে অনুদান নেওয়া হয়েছে বলে দাবি তার। প্রতিটি পয়সার হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে এবং ব্যয় হবে জনসমক্ষে।