আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জোটভুক্ত দলগুলো প্রতিটি নির্বাচনী আসনে একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। নির্বাচনী এলাকার বিভিন্ন জরিপ এবং তথ্য বিশ্লেষণ করে প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম জানিয়েছেন, জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করছেন জোট নেতারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী সপ্তাহের শুরুতেই দেশবাসী জোটের পূর্ণাঙ্গ রূপ ও প্রার্থী তালিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আন্দোলনের মাঠের ঐক্য এবার ব্যালট বক্সেও কার্যকর করতে চায় এই জোট।
এদিকে, নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। এই সমাবেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও জানানো হবে।



মন্তব্য করুন