বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের পাঁচ প্রভাবশালী সদস্য। বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ্যে আসা এই চিঠিতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিকস এবং সাবকমিটি চেয়ারম্যান বিল হুইজেঙ্গার নেতৃত্বে পাঠানো এই চিঠিতে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইনপ্রণেতারা মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে অন্তরায় হতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির অপরাধের দায়ে পুরো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্য নির্ধারণকে স্বাগত জানালেও তারা সতর্ক করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হলে বা রাজনৈতিক কর্মকাণ্ড সংকুচিত করা হলে সংস্কারের লক্ষ্য ব্যাহত হতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ফেরাতে সব পক্ষের সহযোগিতা জরুরি বলে তারা উল্লেখ করেন।
কংগ্রেস সদস্য জুলি জনসন, টম সুয়োজি এবং সিডনি কামলেগার ডোভ এই চিঠিতে সহস্বাক্ষর করেছেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন।



মন্তব্য করুন