দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে এই পুরো নিরাপত্তা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তা এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমানের নিরাপত্তায় পুলিশের স্পেশাল স্কট ইউনিট সক্রিয় থাকবে। এছাড়া গুলশান ও বনানী এলাকায় ইতিমধ্যে নয়টি চেকপোস্ট বসানো হয়েছে, যা প্রয়োজনে আরও বাড়ানো হবে।

নিরাপত্তার মূল দায়িত্বে বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) থাকলেও পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করবেন। বিশেষ করে গুলশানের ১৯২ নম্বর বাসায় তারেক রহমানের অবস্থানকালীন সময়ে কয়েকশ সদস্যের একটি বিশেষ নিরাপত্তা দল মোতায়েন থাকবে।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বিমানবন্দরে যাত্রী ছাড়া সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ট্রাভেল পাসে আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।