আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলটির সভাপতি নুরুল হক নুর এ ঘোষণা দেন এবং দলের ১২ নেতাকর্মীর শহীদ হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।
শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। পরে সেখান থেকে বের করা র্যালিটি নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল পানির ট্যাংকি মোড়, দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে শেষ হয়।
নুরুল হক নুর বলেন, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে দল প্রতিষ্ঠিত হলেও এর রাজনৈতিক যাত্রা শুরু ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোদিবিরোধী আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দলের ১২ নেতাকর্মী শহীদ হয়েছেন; রক্ত ও ত্যাগের এই ইতিহাস কোনো সমীকরণ দিয়ে অস্বীকার করা যাবে না।
জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে তিনি জামায়াতে ইসলামীর প্রভাববলয় থেকে বেরিয়ে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সংকুচিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। বিএনপিকে জোটসঙ্গী হিসেবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।




মন্তব্য করুন