কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৮) দাফন করা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ঢাকায় মৃত্যুর পর মরদেহ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালহ্মী পাড়া গ্রামে নেওয়া হয়। মাগরিবের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। তবে গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, গার্ড অব অনারের জন্য পুলিশ সদস্য ও বিউগল দল পাঠানো হয়েছিল; তবে উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তিনি জানান, সূর্যাস্তের পর জাতীয় পতাকা প্রদর্শন করা যায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, মরদেহ ঢাকায় থাকায় দাফনের সময় নিয়ে অনিশ্চয়তা ছিল। মরদেহ কখন এসেছে, তা পরিবার বা মুক্তিযোদ্ধারা প্রশাসনকে জানাননি। সূর্যাস্তের পর গার্ড অব অনার না দেওয়ার সরকারি নির্দেশনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুক্তিযোদ্ধার ভাই শাহজাহান বলেন, রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে ভাইকে শেষ বিদায় জানানোর ইচ্ছা পূরণ হয়নি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া জানান, গার্ড অব অনারের জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও পরে কেউ আর খোঁজ নেননি।




মন্তব্য করুন