ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ডা. জাহিদ হোসেন জানান, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। পাকিস্তান আশা প্রকাশ করেছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।