ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্যানচালক আব্দুল খালেক দেখালেন বিরল সততার দৃষ্টান্ত। রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মালিকের সন্ধান করে ফেরত দেন তিনি।

ঘটনাটি ঘটে গত ৭ আগস্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে ডিম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিপুল অঙ্কের টাকা হারান। বহু খোঁজাখুঁজির পরও তিনি টাকা পাননি।

সেদিনই ওই টাকা পান স্থানীয় ভ্যানচালক আব্দুল খালেক। মালিককে খুঁজে না পেয়ে তিনি টাকাগুলো নিজের কাছে নিরাপদে রাখেন। পরে খবর পেয়ে প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়ে মালিকের হাতে টাকা তুলে দেন তিনি।

১৭ দিন পর টাকা ফেরত পেয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম আবেগাপ্লুত হয়ে খালেককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেন। স্থানীয়রা বলছেন, এ ঘটনা প্রমাণ করে—এখনও সমাজে সৎ ও মহৎ মানুষ রয়েছেন।