সিলেটের সাদাপাথর এলাকায় লুট হওয়া পাথর ফেরত দিতে শুরু করেছেন ব্যবসায়ীরা, জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পর।

গত শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক জরুরি সভায় প্রশাসন জানায়, মঙ্গলবারের মধ্যে যার যার কাছে থাকা পাথর নিজ খরচে ফেরত দিতে হবে—অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরদিন রাত থেকেই ব্যবসায়ীরা ট্রাকে করে পাথর ফিরিয়ে দিতে শুরু করেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা পড়েছে ১৫৫ ট্রাক পাথর। একইদিন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী জব্দ করেছে ৫০ হাজার ঘনফুট পাথর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াত জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর ফেরত এসেছে। কোম্পানীগঞ্জেও অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আরও ৭০ ট্রাক পাথর। প্রশাসনের তদারকিতে ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।