হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR638-এর এক যাত্রীকে নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেলে লাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগেজের সঙ্গে মিলে যাওয়া একটি লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ছিল ২২টি ডিম্বাকৃতির প্যাকেট, যা ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক পরীক্ষায় এগুলো কোকেন হিসেবে শনাক্ত হয়।
আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় মামলা প্রক্রিয়াধীন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা জানান, তাদের দ্রুত পদক্ষেপের ফলে দেশের অভ্যন্তরে এ ধরনের বড় মাদক চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।



মন্তব্য করুন