সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে যুক্ত হলেন ২৫ জন অতিরিক্ত বিচারপতি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তারা দায়িত্ব গ্রহণ করেন। শপথ পাঠের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

এর আগে সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্তদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী, বিভিন্ন জেলার দায়রা জজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা। তালিকায় আছেন—মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

আইন অঙ্গনের অভিজ্ঞরা মনে করছেন, নতুন বিচারপতিদের যোগদানে হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রমে গতি আসবে এবং মামলার জট কিছুটা হলেও কমবে। তবে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কত দ্রুত বিচার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।