ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে, যারা ভোটের দিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই পরিকল্পনার ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের সাত দিন আগে থেকেই হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। ভোটের দিন বৈধ ভোটার ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে না। নিরাপত্তা ব্যবস্থায় প্রথম স্তরে থাকবে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা, দ্বিতীয় স্তরে পুলিশ, আর তৃতীয় স্তরে সেনাবাহিনী নির্দিষ্ট প্রবেশপথে অবস্থান করবে। ভোট শেষে ব্যালটের নিরাপত্তার দায়িত্বও পালন করবে তারা।
আজ থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর বিকেলে প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর প্রার্থীরা সরাসরি শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাইতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কঠোর নিরাপত্তা ও দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন ঘিরে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।



মন্তব্য করুন