রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করার পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, “হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।” তিনি আরও জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, একসঙ্গে একাধিক জটিলতা দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। তার ভাষায়, “চেস্টে ইনফেকশন হয়েছে। এর ফলে হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। জরুরি পরীক্ষাগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সর্বোচ্চ চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে আছেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।