ডিজিটাল যুগে অনলাইনে প্রকাশিত ছবির সত্যতা যাচাই করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করছে যে, তা প্রায় আসল ফটোগ্রাফের মতো দেখায়। ফলে সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর কিংবা ই-কমার্স ব্যবসায়ীরা সহজেই বিভ্রান্ত হচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নত ইমেজ ডিটেকশন সফটওয়্যার, মেটাডেটা বিশ্লেষণ, পিক্সেল প্যাটার্ন চেকিং এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবির উৎস যাচাই করা সম্ভব। এসব প্রযুক্তি ব্যবহার করে আসল ছবি ও এআই-নির্মিত ছবির মধ্যে পার্থক্য নির্ধারণ করা যায়।

তবে সবসময় ছবির উৎস সঠিকভাবে জানা সম্ভব হয় না। এ কারণে ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়।

এই সমস্যার সমাধানে গুগল জেমিনি অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে। জেমিনির SynthID প্রযুক্তি ব্যবহার করে সহজেই বোঝা যাবে কোনো ছবি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কিনা। ব্যবহারকারী ছবিটি জেমিনিতে আপলোড করে Was this created by Google AI? বা Is this AI generated? জিজ্ঞেস করতে পারবেন। যদি ছবিটি গুগলের এআই টুল দিয়ে তৈরি হয়ে থাকে, তবে SynthID জলছাপ শনাক্ত করে ছবির উৎস ও সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি শনাক্ত করা সহজ হবে এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি কমবে।