ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী এবং ‘গুম’ বিরোধী আন্দোলনের সংগঠন মায়ের ডাক-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ রীতি। সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চার অধিকার মৌলিক অধিকার হলেও ধর্মকে অপমান করার অধিকার কারও নেই। অভিযোগে উল্লেখ করা হয়, তুলি ইসলামে চার বিবাহের বিষয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

গত ১৫ নভেম্বর এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, “একজন পুরুষ চারটি বিবাহ করতে পারবেন—এই এখতিয়ার কি আমাদের বোনরা দিয়েছেন কাউকে?”

পরে ফেসবুকে ব্যাখ্যা দিয়ে তুলি বলেন, ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারেন, তবে শর্ত হলো প্রতিটি স্ত্রীর প্রতি সমান অধিকার, সময়, অর্থ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তিনি লিখেন, “আমার বক্তব্য ছিল শুধু এই—নারীদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা বা তাদের হক থেকে বঞ্চিত করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের ওপর জোর দেয়।”

তুলি আরও বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সানজিদা ইসলাম তুলি ‘মায়ের ডাক’ সংগঠনের মাধ্যমে গুমের শিকার পরিবারের দাবিগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।