বরিশাল জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে রাজশাহীর দায়িত্বে থাকা পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশালে পদায়ন করা হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে বরিশাল বিভাগের ছয় জেলার পুলিশ সুপারদেরও একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বরিশালের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুরে পাঠানো হয়েছে। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইলে, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনায়, পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনায় এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুরে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠিতে পাঠানো হয়েছে। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলায় পদায়ন করা হয়েছে।