জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের অফিসিয়াল প্রতীক ‘শাপলা কলি’ এর ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত স্কেচ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে এই প্রতীক ব্যবহার করা হবে।

বুধবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবি গণমাধ্যমে পাঠানো হয়। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের অনুরোধ করেন, এখন থেকে এনসিপির প্রতীকের এই ছবি ব্যবহার করতে।

ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে প্রতীক থাকে। এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর এতদিন প্রতীকের ঘর খালি ছিল। বুধবার এনসিপির নামের পাশে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। তবে সমাজতান্ত্রিক দলের প্রতীক ‘কাঁচি’ এখনও ওয়েবসাইটে যুক্ত হয়নি।

এর আগে ইসি চূড়ান্তভাবে এনসিপিকে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেয়।